নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯৯৯-এ ফোন করে করে এক মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিয়েছে তার স্ত্রী। ফোনে পাওয়া তথ্যমতে ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার গির্দা নতুন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। গ্রেফতার ব্যক্তির নাম পিয়াস। তিনি ওই এলাকার মোমেন মিয়ার ছেলে। তার স্ত্রীর নাম রানী।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতার পিয়াস একজন মাদক ব্যবসায়ী। পিয়াস দীর্ঘদিন ধরে স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অজুহাতে অহেতুক মারধর করতো। নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ৯৯৯-এ কল করে স্বামীর মাদক ব্যবসার তথ্যটি জানান রানী।
তিনি আরও জানান, পুলিশকে বিষয়টি অবহিত করার পর তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পিয়াসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
বার্তাবাজার/এসজে