সুনামগঞ্জ পৌরসদরের গুজাউড়া হাছননগর এলাকায় তালহা নামের ৪ বছর বয়সী এক শিশুকে কোনো কারণ ছাড়া নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে মেরেছেন আব্দুল হালিম নামের এক যুবক।
শুক্রবার দুপুরে এই ঘটনা শিশুটির নিজ বাড়ির সামনেই ঘটে। নিহত তালহা গুজাউড়া গ্রামের নুরুল হকের ছেলে। হত্যাকারী আব্দুল হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে।
জানা যায়, দুপুরের দিকে নিজ বাড়ির সামনেই খেলছিল তালহা। এসময় আব্দুল হালিম সেখানে এসে শিশুটিকে লাথি মেরে ফেলে দিয়ে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু তালহা।
ঘটনার পরে হালিমকে আটক করে স্থানীয় লোকজন। তখন সে অসংলগ্ন কথা বলছিল। এসময় শিশুটিকে মারার কারণ জানতে চাইলে সে বলে ওঠে, ‘মারিছি, মনের কষ্টে মারিছি’।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুর রহমান জানান, এলাকার সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পরেছে। তবে শিশুটিকে এভাবে মারা সত্যিই মর্মান্তিক। আটককৃত হালিম একেক সময় একেক ধরণের কথা বলছে। শিশুটির ময়নাতদন্ত হচ্ছে। এখনও এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি।
বার্তাবাজার/এসজে