মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের তালিকা বা লালমুক্তি বার্তায় যে বীর মুক্তিযোদ্ধদের নাম আছে তারা নতুন যাচাই-বাছাইয়ের আওতায় পড়বে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষুক মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার) বিভিন্ন অভিযোগের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকারের গুরুত্বপুর্ণ মন্ত্রণালয়টি।
জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত বেসামরিক গেজেট ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সুপারিশ করেছে, প্রমাণ পাওয়া গেলে সেসব গেজেট যাচাই-বাছাই না করার জন্য বলা হয়েছে। তালিকা যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে মন্ত্রণালয়ের বিরুদ্ধে।
এর আগে গত মঙ্গলবার জামুকার সুপারিশ ছাড়া যাদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের মধ্য থেকে ৩৯ হাজার ৯৬১ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় নাম আছে, এমন অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে ওই যাচাই-বাছাইয়ের তালিকায়। তাদের সনদ কেন আবার যাচাই-বাছাই হবে, তা জানতে চেয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন কেউ কেউ।
এ অবস্থায় মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন করে আরেকটি সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৩৩টি প্রমাণের মধ্যে রয়েছে, তারা যাচাই-বাছাইয়ের আওতায় পড়বেন না। তাদের নাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে যাচাই-বাছাইয়ের তালিকায় প্রকাশ হলেও তা যাচাই-বাছাই না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত তালিকা এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে (www.jamuka.gov.bd) পাওয়া যাচ্ছে। সূত্র-জাতীয় দৈনিক।
বার্তাবাজার/এসজে