শীতে আনোয়ারায় বেড়েছে গরু চুরি

আনোয়ারায় শীতের অন্ধকার কুয়াশার মধ্যে বেড়ে গেছে গরু মহিষ চুরিসহ গ্রাম-গঞ্জের নানান অপরাধ কর্মকাণ্ড। ইতোমধ্যে থানা পুলিশ গরু মহিষ উদ্ধার, চোর আটক করলেও থেমে নেই চোরদের কর্মকাণ্ড। উপজেলার বিভিন্নস্থানে উদ্বেগজনকভাবে বেড়েছে চুরির ঘটনা। এতে গ্রাম-গঞ্জের মানুষ রয়েছে আতঙ্কে।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার পরৈাকোড়া গ্রামের সুকুমার দাশেরপুত্র স্বপন দাশের ১টি, অমর দে’র পুত্র কমল দে’র ২টি ও একই এলাকার বিশেশ্বর দাশের পুত্র তপন দাশের ২টি গরুসহ ৫টি গরু চুরির ঘটনা ঘটে একই রাতে। তবে এ ঘটনায় কেউ থানায় করেনি কোনো অভিযোগ।

সুকুমার দাশের পুত্র স্বপন দাশ জানান, আমরা খেটে খাওয়া মানুষ। দিনমজুরি কাজ করে দিনে এনে দিনে খাই। থানায় কিভাবে অভিযোগ
করতে হয় সেটাও জানিনা। তাই এখনো যাইনি। তবে গরু চুরির ঘটনার বিষয়ে থানায় আজ যাব।

সম্প্রতি উপজেলার বরুমছড়া ঘুরামাঝির বাড়ির ওসমানের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনাও ঘটে।

স্থানীয়দের দাবি, শীতের অন্ধকার কুয়াশার মধ্যে বেড়েছে গরু মহিষ চুরিসহ গ্রাম-গঞ্জের নানান অপরাধ কর্মকাণ্ড। ইতিমধ্যে থানা পুলিশ গরু মহিষ উদ্ধার, চোর আটক করলেও থেমে নেই চোরদের কর্মকাণ্ড। বিভিন্নস্থানে উদ্বেগজনকভাবে বেড়েছে গরু চুরির ঘটনা। এতে গ্রাম-গঞ্জের মানুষ রয়েছে আতঙ্কে। এনিয়ে পুলিশকে জানিয়েও অনেকের মেলেনি কোনো প্রতিকার। পুলিশ গরু উদ্ধার ও প্রকৃত চোরকে চিহ্নিত করে গ্রেপ্তার করলেও কিছুদিন পর আবারো চুরি ঘটনা ঘটে। গরু মালিকরা রাত জেগে নিজেরাই পাহারা দিচ্ছেন অনেকেই। কিছুদিন আগে থানা পুলিশ এসব অপরাধ রোধে উপজেলার গ্রাম পুলিশদের রাত্রীকালীন পাহারায় উদ্বুদ্ধকরণ ও উজ্জীবিত করার জন্য টর্চ লাইট ও বাঁশি বিতরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গরু চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। বিভিন্নস্থান থেকে চুরি করে নিয়ে আসা গরু উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ।

তিনি আরো বলেন, উপজেলার ১১টি ইউনিয়নে ৯৯ টি ওয়ার্ডের ৮০টি গ্রামে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে গ্রাম পুলিশদের। গরু চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে থানা পুলিশের টহল টিমও মাঠে রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর