বিখ্যাত কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক আর নেই। শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ২০ এর দিকের লাটভিয়ার একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিখ্যাত এই নির্মাতা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন লাটভিয়ার গণমাধ্যমগুলো। মাত্র ৫৯ বছর বয়সে তার অকাল মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে গিয়েছে বিশ্ব চলচ্চিত্রাঙ্গন।
কিম কি দুক ১৯৬০ সালের ২০শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্মগ্রহণ করেন । ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে ফাইন আর্টস বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। এরপর নিজ দেশ দক্ষিণ কোরিয়াতে এসে শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ এবং ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিল কর্তৃক আয়োজিত এক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান।
পরের বছর তিনি ক্রোকোডাইল নামক একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র পরিচালনা করেন। ২০০০ সালে তার চলচ্চিত্র রিয়াল ফিকশন ২৩তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়।
২০০৪ খ্রিষ্টাব্দে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামারিটান গার্ল চলচ্চিত্রের জন্য এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে ৩-আয়রন চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালকের সম্মানে ভূষিত হন। ২০১২ খ্রিষ্টাব্দে পিয়েটা নামক তার চলচ্চিত্রটি ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করে এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করে। সূত্র-উর্দুপয়েন্ট।
বার্তাবাজার/এসজে