ডোপ টেস্টের মাধ্যমে পুলিশ বাহিনীর ৭৫ জন সদস্যকে মাদক সেবনকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চাকরি হারিয়েছে ১০ জন। বাকি ৬৫ জন রয়েছেন চাকরি হারানোর তালিকায়।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, পুলিশের কেউ মাদকের সাথে যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না। সব বাহনীতে ডোপ টেস্ট চালু করার পরামর্শ দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা।
পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ বহু পুরোনো। তবে, বহু দিনের এই কলঙ্ক এবার ঘোঁচাতে চায় বাহিনীটি। এর অংশ হিসেবে পুলিশ বাহিনীতে শুরু হয়েছে ডোপ টেস্ট।
৩ দফায় ডিএমপিতে এই টেস্টে শনাক্ত হয়েছেন ৬৮ জন পুলিশ সদস্য। এদের মধ্যে এসআই ৭ জন, সার্জেন্ট ১ জন, এএসআই ৫জন, নায়েক ৫জন ও কনস্টেবল ৫০ জন। মাদক সেবন ও ব্যবসায় জড়িত থাকা এসব পুলিশ সদস্যের মধ্যে এখন পর্যন্ত ১০ জন চাকরি হারিয়েছে। বাকি ৫৮ জনের মধ্যে ১৮ জনকে দেয়া হয়েছে চূড়ান্ত নোটিশ। বাকিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের সাথে সংস্লিষ্ট কাউকেই পুলিশ বাহিনীতে রাখা হবে না।
বার্তাবাজার/প্রিতম