ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে অনলাইন জুয়ারি প্ল্যাটফর্মের ২ এডমিনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (৯ ডিসেম্বর) সাভার থানার উত্তর জামসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃতরা হলেন: মো: সাব্বির আহমেদ কাওসার (১৯) ও মো: মনোয়ার হোসেন (২৬)।
এ সময় তাদের হেফাজত থেকে ৭ টি স্মার্ট ফোন, ১৪ টি সীম কার্ড ও তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়া সাইট 1xbet Bangladesh উন্মুক্ত অবস্থায় জব্দ করা হয়।
এটিইউর সহকারি পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) জানান, গ্রেপ্তারকৃতরা 1xbet Bangladesh (সমস্যা এবং সমাধান) নামে একটি ফেসবুক গ্রুপ খুলে সেখানে সাধারণ মানুষকে আকৃষ্ট করে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাত। তাদের পাতা ফাঁদে আকৃষ্ট হয়ে অনেক সাধারণ মানুষ অনলাইনে জুয়ায় অংশগ্রহণ করে সর্বশান্ত হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের অভিযানের সময়ে তাদের কাছ থেকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত ৭টি স্মার্ট ফোন ও ১৪ টি সিম কার্ড ও তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়া সাইট 1xbet Bangladesh লগিং অবস্থায় জব্দ করা হয়। এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর সাভার থানার উত্তর জামসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।
বার্তাবাজার/প্রিতম