শীতের শুরুতেই কম্বল নিয়ে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের পাশে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। নগরীর ৩ শতাধিক শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও পুনাক সভানেত্রী কানিজ আহমার।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ১০ টা থেকে ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষদের উষ্ণতা দিতে সাহায্যের হাত বাড়ায় পুনাক। শীতের শুরুতেই কম্বল পেয়ে উচ্ছ্বসিত হত দরিদ্র জনগোষ্ঠী।
প্রথমে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাট ফরম ও লাইনের পাশে বস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথ শিশু, পঙ্গু, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সহধর্মিণী ও ময়মনসিংহ পুনাকের সভানেত্রী কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, রেলওয়ে থানার ওসি মাজহারুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নগরীর বলাশপুরে একটি এতিমখানায় অর্ধশত এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান করোনাকালের শুরু থেকেই দিন মজুর, নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত ও নতুন করে বেকার হয়ে পড়া মানুষের মাঝে নিত্যপণ্য, খাদ্য সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে একজন মানবিক পুলিশ সুপার হিসাবে পরিচিত লাভ করেন। একই সাথে পুলিশ সুপারের সহধর্মিণী কানিজ আহমার গেল বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র, অসহায়দের মাঝে রান্না করা খাবার পৌঁছে দিয়ে প্রশংসিত হয়েছেন সর্ব মহলে।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
বার্তাবাজার/এসজে