গাজীপুরের শ্রীপুরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় অভিযোগে যুবলীগ নেতা শিপু সুলতানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
আজ (বৃহস্পতিবার)শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকির মামলাটি দায়ের করেছেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, সকালে দায়ের করা ওই মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরোও জানান, তেলিহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী শিপু সুলতান ছাড়াও তার সহকর্মী জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম হুমায়ূন, শাহাদাৎ হোসেন, বাদল সরকার ও মোজাম্মেল হোসেনকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার বাদী লিয়াকত ফকির জানান, দায়িত্ববোধ থেকে তিনি এ মামলা দায়ের করেছেন।
জানা যায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ করতে গিয়ে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলের সামনে স্থানীয় যুবলীগ কর্মী শিপু সুলতানের নেতৃত্বে এক বিক্ষোভের আয়োজন করা হয়। ভিডিওতে দেখা যায়-মুলাইদ গ্রামের শামসুল হকের ছেলে শিপু ব্যানারের সামনে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে বলছেন- মুক্তিযুদ্ধের বিরুদ্ধে , স্বাধীনতার বিরুদ্ধে। শিপু সুলতানের সঙ্গে তাল মিলিয়ে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’ বলে বিক্ষোভ করছেন।
এ ঘটনার দু’দিন পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পরপরই শিপু ফেসবুক লাইভে এসে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। এটা একটা অনাকাঙ্খিত ভুল। আমি এটা বলতে চাইনি।’
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে
শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি কমর উদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান লিখিতভাবে দাবি করেছেন – উপজেলা ও ইউনিয়ন যুবলীগ কমিটির কোনো সদস্যই নন শিপু সুলতান। তার এমন ধৃষ্টতাপূর্ণ স্লোগানে যুবলীগের সম্মানহানী হয়েছে। একই সঙ্গে শিপু সুলতানের বিচারও দাবি করেছেন তারা।
বার্তাবাজার/এসজে