নূরকে হত্যা চেষ্টার অভিযোগ মিথ্যা: ডিসি হারুন

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হত্যাচেষ্টার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সন্মলনে তিনি এই কথা বলেন।

ডিসি হারুন বলেন, ঘটনাস্থলে মোটরসাইকেল দুর্ঘটনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। উল্টো দুর্ঘটনার শিকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর মিথ্যা রটিয়েছে। পুরো ঘটনা সাজানো। আর প্রাইভেটকারটি কোনো সচিবের নয় বা সচিবালয়ে স্টিকার ছিল না এটি ব্যক্তিগত গাড়ি।

এর আগে বুধবার রাতে গাড়িচাপায় দুই দফা হত্যা চেষ্টার অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নুরুল হক নুর।

গাড়িচাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পল্টনের জামান টাওয়ারে সংবাদ সম্মেলন করেন নুর।

সেখানে তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার তাদের তাড়া করে। পরপর দু’বার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে।

কিন্তু মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডের আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, বাসের সঙ্গে ধাক্কা দেওয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে পুনরায় নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর