ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্যকে মারধর করে কারাগারে গিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির ছেলে আরিফুর রহমানসহ তিনজন। আজ (বৃহস্পতিবার) বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
চেয়ারম্যানপুত্র ছাড়াও বাকিরা হলেন- উপজেলার চর চারতলা ইউনিয়নের সবুর মুন্সির ছেলে আরিয়ান সারের চঞ্চল ও আড়াইসিধা ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে মো. সালাহ উদ্দিন মিলন।
মামলা সূত্র জানা যায়, বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্য ল্যান্স নায়েক মো. আব্দুর রউফসহ দুইজন সাদা পোশাকে আশুগঞ্জ বাজারের মুন্সি মার্কেটে যান।
তখন একটি দোকানের সামনে তার মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাকে মারধর করেন দোকান মালিক সালাহ উদ্দিন মিলন, আরিফুর রহমান, আরিয়ান সাবের চঞ্চলসহ কয়েকজন। পরে ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই গ্রেফতার করা হয় ওই তিনজনকে। একইরাতে র্যাব সদস্য আব্দুর রউফ বাদি হয়ে তিনজনের নামে আশুগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, র্যাব সদস্যের মামলায় ওই তিনজনকে আদালতে পাঠানোর পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বার্তাবাজার/এসজে