বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারসহ নিখোঁজ ১৯ জেলেকে ভারতীয় কোস্টগার্ডের সহায়তায় ফিরিয়ে এনে মালিকের কাছে হস্থান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, গত ১৫ নভেম্বর চট্রগ্রাম থেকে এফভি রানা নামের একটি মাছ ধরার ট্রলার ১৯ জন জেলেসহ গভীর সাগরে মাছ শিকারে যায়। ২৩ নভেম্বর ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভেসে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন পর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভরদ ভাসমান ট্রলারটিকে গত ৮ ডিসেম্বর উদ্ধার করে এবং ৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে।
কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিজেদের হেফাজতে নিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মংলায় হস্থান্তর করে। আজ বৃহস্পতিবার উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়।
বার্তাবাজার/এসজে