সিটি করপোরেশনের অরক্ষিত ড্রেনে পড়ে কবির মৃত্যু

সিলেট সিটি করপোরেশনের অরক্ষিত ড্রেনে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন বিশিষ্ট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদ। দু’দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার সকালে এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরের জনবহুল আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে পেটে রড ঢুকে যায় কবি আব্দুল বাসিত মোহাম্মদের। এতে মারাত্মক আহত হন তিনি।

সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন এমএজি ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

পরিবারের সদস্যদের বরাতে কবি কাশমির রেজা জানিয়েছেন, বৃহস্পতিবার বাদ আসর চৌকিদেখি জামে মসজিদে জানাজা শেষে তাকে সিলেট নগরের নয়াসড়কের মানিকপর কবরস্থানে দাফন করা হয়েছে।

সিলেটের সাহিত্যাঙ্গণের প্রিয়মুখ সদা হাস্যজ্জ্বোল, বন্ধুবৎসল ও সবার প্রিয় কবি-ছড়াকার বাসিত মোহাম্মদের মর্মান্তিক মৃত্যুতে লেখকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর