জয়ে মিললনা পাকিস্তানের স্বস্তি, পেল বড় ধরনের শাস্তি

টানা এগারো ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইমরান খানের উত্তরসূরীরা।তবে এমম খুশির সময়েও অস্বস্তি পিছু ছাড়েনি পাক দলের।নটিংহ্যামে জয়ের পর সরফরাজদের উৎসবের মেজাজে জল ঢেলে দেয় আইসিসি। অধিনায়ক সরফরাজসহ গোটা দলকে শাস্তি দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

প্রশ্ন হল, ট্রেন্ট ব্রিজে এমন কী দোষ করল পাকিস্তান? গুরুতর কিছু নয়, তবে ভবিষ্যতে আবার এমন ভুল করলে আরও বড়সড় শাস্তি পেতে হতে পারে পাক অধিনায়ককে।আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ৫০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি পাকিস্তান৷ সবদিক বিবেচনা করে আইসিসি’র হিসাব অনুযায়ী নির্ধারিত সময়ে এক ওভার কম বল করেছে পাকিস্তান।

আইসিসি’র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এটা মাইনর ‘স্লো ওভার রেট’এর ঘটনা হিসাবে বিবেচিত হয়৷ যার শাস্তি স্বরূপ পাক দলনায়ক সরফরাজের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়। শাস্তির আওতায় পড়েছে দলের বাকি ক্রিকেটাররাও৷ তাঁদেরও ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আগামী ১২ মাসের মধ্যে পাকিস্তান আবার স্লো ওভার রেটের দায়ে পড়লে আরও বড়সড় জরিমানার মুখে পড়তে হবে পাক ক্রিকেটারদের।তেমন হলে এক ম্যাচ নির্বাসিতও হতে পারেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৪৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে পাকিস্তান। জবাবে ইংল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রানে শেষ করে তাদের ইনিংস।১৪ রানের ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর