রাজধানীর সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় দেন।
রায়ে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি হলে- ইনজামামুন ইসলাম ওরফে জিসান। এছাড়া তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সব আসামিকেই ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তারা সবাই ধানমণ্ডির ঢাকা সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিল।
আসামিদের মধ্যে জিসান ও তৌহিদ রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। বাকিরা পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ও খরচ বাবদ টাকা তোলা নিয়ে আয়াজের বড় ভাই ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশদিন হকের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ওই দিন বিকালে জিগাতলা যাত্রী ছাউনির কাছে আয়াজকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে আসামিরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আয়াজের বাবা আইনজীবী শহীদুল হক ধানমণ্ডি থানায় মামলা করেন।
বার্তাবাজার/এসজে