ঘন কুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ¦ালিয়ে যানবাহন চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। ঘটছে দুর্ঘটনাও।
বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর এলাকায় ট্রাক ও দূরপাল্লার একতা এন্টার প্রাইজের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালকসহ বাসের ৭ জন যাত্রীসহ আহত হয়েছেন।
আহতরা হলেন ট্রাক চালক বগুড়ার আদমদিঘী উপজেলার সাইফুল ইসলাম (৪২), ট্রাকের সহকারী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার রাজু (৩২), বাসের যাত্রী সাথী আক্তার (২২), হারুন অর রহিদ (৩২), রুহানী (৫), মেহেরুন আক্তার (৪০) ও পলী আক্তার (১৯)।
তাদের বাড়ি পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন এলাকায়। আহতদের উদ্ধার করে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায় বুধবার সন্ধ্যা থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। তারপর কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। উত্তুরে বাতাসে জেঁকে বসেছে শীত। অনেকেই খড়কুটো জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
গত কয়েক সপ্তাহ ধরেই পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বার্তাবাজার/প্রিতম