সীমান্তে কাতার প্রবাসীর কাটা মরদেহ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বেলাল হোসেন (৩৬) নামে কাতার প্রবাসী এক বাংলাদেশী নাগরিকের হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া সীমান্তের মীরপুর জলেশ্বরী এলাকার ৩০১ মেইন পিলারের ১৪ সাব পিলারের বাংলাদেশ অভ্যন্তর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার মীরপুর জলেশ্বরী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি ৪ বছর ধরে কাতারে ছিলেন। দেড় মাস আগে কাতার থেকে বাংলাদেশে আসেন।

পুলিশ জানায়, অজ্ঞাতকারণে বাড়ী থেকে বের হন বেলাল হোসেন। রাতের কোনো এক সময় দুস্কৃতিকারীরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে গেছেন বলে ধারনা করা হচ্ছে।

তার বড় ভাই খলিলুর রহমান বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে বাড়ী থেকে বের হয় বেলাল। এর পর আর বাড়ী ফেরেনি। পরেরদিন বৃহস্পতিবার ভোরে জানতে পারে জলেশ্বরী সীমান্ত এলাকায় তার লাশ পড়ে আছে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর