ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর কট্টরপন্থী মুসলিমদের নিয়ন্ত্রণের বিতর্কিত বিল মন্ত্রিসভায় পাস হলো। সামনে এসেছে সেই বিলের বিতর্কিত ধারাগুলিও। মাক্রোঁ বলছেন, “বিচ্ছিন্নতাবাদীদের রুখতে বিল আনা হয়েছে।” কিন্তু মন্ত্রী, রাজনীতিবিদরা বলছেন, “কট্টরপন্থী মুসলিমদের নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়েই বিল আনা হয়েছে।”
শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা ও কার্টুন বিতর্কের পর এই আইন এনেছেন মাক্রোঁ। যা ফ্রান্সের মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এবার পার্লামেন্টে বিতর্ক হবে। তার আগে বিলে কী আছে, তার অনেকটাই সামনে এসেছে।
বিলে বলা হয়েছে, ৩ বছর বয়স হলেই বাচ্চাকে বাধ্যতামূলকভাবে স্কুলে যেতে হবে। বিশেষ ক্ষেত্রেই তাকে বাড়িতে পড়াশুনার অনুমোদন দেয়া হবে। বলা হচ্ছে, কট্টরপন্থীদের পরিচালিত গোপন স্কুলে বাচ্চাদের যাওয়া বন্ধ করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। গোপন স্কুলগুলিও নিষিদ্ধ করা হয়েছে বিলে। বিলে আরো বলা হয়েছে, সব মসজিদকে ধর্মস্থান হিসাবে নথিভুক্ত করতে বলা হবে। এখন মসজিদগুলি রুলস ফর অ্যাসোসিয়েশন-এর অধীনে আছে। ১০ হাজার ইউরোর বেশি বিদেশি সাহায্য পেলে মসজিদগুলিকে তা জানাতে হবে।
গত ২১শে অক্টোবর প্যাটিকে মরনোত্তর লিজিয়ন অফ অনারে ভূষিত করে প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, ”আমরা কার্টুন ছাড়বো না৷ ইউরোপীয় গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে রক্ষা করতে গিয়ে প্যাটি জীবন দিয়েছেন। তিনি এই প্রজাতন্ত্রের মুখ।”
মাক্রোঁর দাবি, বিচ্ছিন্নতাবাদীরা ফ্রান্সের বিপদের কারণ হয়ে উঠেছেন। তাই তাদের নিয়ন্ত্রণ করতে এই বিল আনা হয়েছে। কিন্তু অধিকাররক্ষা গোষ্ঠীগুলির মতে, এই আইন হলে ফরাসি মুসলিমরা বৈষম্যের শিকার হবেন। ফলে এই বিল খুবই বিতর্কিত।
বার্তাবাজার/প্রিতম