ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়ার জেরে সখিন শেখ (৩২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সখিন শেখের স্ত্রী ও দুই সন্তান থাকার পরও সে সম্প্রতি শেখর গ্রামের এক মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। গত রোববার (৬ ডিসেম্বর) সখিন এ বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপান করে।
পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে সোমবার (৭ ডিসেম্বর) বাড়ি ফিরে আসার পর বুধবার বেলা সাড়ে এগারোটায় পুণরায় অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে তার মৃত্যু হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুর আলম বলেন, ‘সখিন শেখকে আশঙ্কাজনক অবস্থায় বোয়ালমারী হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’
বার্তাবাজার/এসজে