আ.লীগ বর্ণচোরা দলে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে বর্ণচোরা দলে পরিণত হয়েছে।

বুধবার বিকেলে (সাড়ে ৪টা) ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুখে বলে এক কথা, কাজ করে আরেকটা।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সরকার মৌলবাদকে উসকে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তারা যেন রাজনৈতিক ফায়দা লুটতে পারে এবং বিরোধী দলকে নিঃশেষ করতে পারে সেজন্যই তাদের এ অপচেষ্টা।

সম্প্রতি ভাস্কর্য ইস্যুতে উসকানিদাতা হিসেবে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সে বিষয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগের রাজনীতি গ্রাম্য মোড়লদের মতো, বিরোধীদলের নেতা নেতৃদের সবসময় মামলার মধ্যে রেখে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা। এ ধরণের মিথ্যা মামলাগুলোই প্রমাণ করে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে কিভাবে হত্যা করছে এবং বিরোধীদলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। স্বৈরশাষকরা যখন আসে তখন জনগণের শক্তি দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অনেক সময় লাগে। বর্তমানে স্বৈরশাষকদের অবসান ঘটাতে জনগণ প্রস্তুত হয়েছে বড়রকমের আন্দোলনে যেতে।

আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করে তিনি আরো বলেন, দেশে মাঠের রাজনীতি করার গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই, তারপরও বিএনপি সভা সমাবেশ মিছিল ও মানববন্ধন করে আন্দোলন করছে আর এভাবেই আন্দোলন তৈরি হয়। গণতান্ত্রিক দলগুলোকে যখন কাজ করতে দেয়া হয় না তখনই উগ্রবাদের উত্থান ঘটে এবং সেটাই আওয়ামী লীগ করছে জেনে শুনে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর