চট্টগ্রাম রেল স্টেশনের কাছে লাইন পরিবর্তন করার সময় তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের তেমন কোনো ক্ষতি বা ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
বুধবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পাঁচ ঘণ্টা চেষ্টা করে দুপুর সাড়ে ১২টায় চারটি বগির চাকা পুনরায় লাইনে তুলতে সক্ষম হয় রেল কর্তৃপক্ষ।
জানা যায়, তেলবাহী ট্রেনটি সিজিপিওয়াই থেকে ওয়াগনে তেল ভর্তি করে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারীতে একটি বিদ্যুৎকেন্দ্রে যায়।
চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, চট্টগাম রেলওয়ে স্টেশন এলাকায় একটি ওভারব্রিজ আছে। সেখান থেকে কোনো পথচারী সিগারেট খেয়ে নিচে ফেলে দেয়। তেলবাহী ট্রেন হওয়ায় সেই ঝুঁকি এড়াতে এক লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাওয়ার সময় বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি বলেন, ইতোমধ্যে লাইনটি মেরামত করে ট্রেনটি লাইনে তুলেছেন রেলওয়ের প্রকৌশলীরা।
বার্তা বাজার/এএস