করপোরেশনের টাকায় নির্মিত ‘আলোকবর্তিকা’ উদ্ভোধনে আসলেন না নগরপিতা

নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত। তার স্মৃতি সংরক্ষনের জন্য রংপুর নগরীর শালবন এলাকায় বেগম রোকেয়া সরকারি কলেজের কাছে ২০ ফুট দৈর্ঘ‌্যের একটি ভাস্কর্য নির্মিত হয়েছে। সে স্মৃতি ভাস্কর্যের নাম দেওয়া হয়েছে ‘আলোকবর্তিকা’।

‘‘রোকেয়া দিবস” উপলক্ষে আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। কোন এক অজ্ঞাত কারনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রংপুরের পৌর পিতা মোস্তাফিজুর রহমান। এমন কি সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাও ছিলেন  না এই আয়োজনে।

রংপুর সিটি করপোরেশনের (রসিক) অর্থায়নে নির্মাণ করা হয়েছে ভাস্কর্যটি। পাথর ও কংক্রিট দিয়ে নির্মিত ২০ ফুট দৈর্ঘ‌্যের এ ভাস্কর্য নির্মাণে ব‌্যয় হয়েছে ১৫ লাখ টাকা। অথচ সিটি মেয়রসহ করপোরেশনের কোনো কর্মকর্তাই ভাস্কর্য উদ্বোধন করতে রাজি হননি। অবশেষে নির্মাতা ভাস্কর অনিক রেজা নিজেই ভাস্কর্যের ফলক উন্মোচন করেন।

এসময় রোকেয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রয়াত মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে বেগম ‘আলোকবর্তিকা’ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছিলো। তবে হঠাৎ করে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আবারও শুরু হয় এর নির্মাণ কাজ। তবে খুব ধীরগতিতে চলে কাজ।

‘আলোকবর্তিকা’ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ভাস্কর অনিক রেজা, কবি ফারজানা হক বিথি, রংপুর বেগম রোকেয়া কলেজের শিক্ষক মাহমুদুল আনাম সুমন, ড. এ আই মুসা, অনিমা বর্ম্মা, আজাহারুল ইসলাম দুলাল, জাহিদুল ইসলাম, সাংবাদিক লিয়াকত আলী বাদল।

এসময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। তবে মেয়রসহ সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা ভাস্কর্যটি উদ্বোধন করতে এলেন না। এটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার মধ্য দিয়ে অনেকের স্বরূপ উন্মোচিত হলো।’

এ বিষয়ে প‌্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন, ‘অন‌্য কাজে ব‌্যস্ত থাকার কারণে বেগম রোকেয়ার ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পারিনি। তবে আমরা অনুষ্ঠানের অনুমতি দিয়েছি।’

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর