পিকে হালদার অর্থ কেলেঙ্কারী! মামলার অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো ও তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট।

প্রায় তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকায় তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়।

গ্রেফতারি পরোয়ানার বিষয়ে প্রতিবেদন, মামলার এফআইআর ও সম্পত্তি-অর্থ জব্দের আদেশ আদালতে উপস্থাপনের পর বুধবার (৯ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালত পরবর্তী আদেশের জন্য ৩ জানুয়ারি সময় দিয়েছেন। তার আগে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

পিকে হালদারের আত্মীয় পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক অমিতাভ অধিকারী এবং পিকে হালদারের সাবেক সহকর্মী ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় পক্ষভুক্ত করা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন এবং অমিতাভ অধিকারীর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ২ ডিসেম্বর আদেশানুসারে দুদক সবকিছু উপস্থাপন করেছেন। আজ দুইজনের আবেদনের পরিপ্রেক্ষিতে পক্ষভুক্ত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বক্তব্য ৩ জানুয়ারির মধ্যে দাখিল করতে বলেছেন। এছাড়া প্রশান্ত কুমার হালদারের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর বিষয়ে এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে দুদকের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর