ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে এক প্রভাবশালীর লোকজন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার নাগ তার জমিতে নির্মাণ করা দুটি দোকান ভেঙে দিয়েছেন বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীলিপ কুমার নাগ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘তিনমাস আগে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজের জমিতে দুটি দোকানঘর নির্মাণ করি। আমাকে পাশের জায়গার মালিক ইকরামুল আমিন বাবু মিয়া ওই জায়গা দখল করার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। এ জন্য আমি ২০১৯ সালে আদালতে মামলা করি। আদালত থেকে সমন দিলেও তা গ্রহণ না করে তারা জায়গা দখলের চেষ্টা অব্যাহত রাখেন। ৫ মাস আগে আমি সরাইল থানায় লিখিতি একটি অভিযোগ করি।’
দীলিপ কুমার নাগ আরও বলেন, ‘মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে ২৫/৩০ জন সন্ত্রাসী নিয়ে বাবু মিয়া মাটি কাটার ভেকু মেশিন দিয়ে আমার দুটি দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দেন। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’
ইকরামুল আমিন বাবু মিয়া শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নান্না মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদ্যোৎ নাগ, সুভাষ পাল, সুভাষ দাস প্রমুখ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল আহমেদ বলেন, রাতের আঁধারে সবার অগোচরে দুটি দোকান ভাঙচুর করা হয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার জন্য দিলীপ কুমার নাগকে বলা হয়েছে। তিনি আরও বলেন, ‘বাবু মিয়া আমেরিকার দ্বৈত নাগরিক, তিনি কখন দেশে এসেছেন কিংবা এলাকায় এসেছেন, আমরা জানি না। এমনকি দিলীপ কুমারও জানেন না। তবে খোঁজ নেওয়া হচ্ছে।’
বার্তা বাজার/কে.কে