ইয়াবা নামক সর্বনাশা এ মাদককে আমরা যে নামেই ডাকি না কেন, ভয়ঙ্কর এ পাগলা ঘোড়ার অশুভ দৌড় যেন থামছেই না। রুখে দেয়ার কেউ নেই যেন!
মোবাইল নেটওয়ার্কের সুবিধা নিয়ে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার অলি-গলি দাপিয়ে বেড়াচ্ছে ইয়াবা। ইয়াবা আক্রান্ত তরুন-তরুনীর হাজার হাজার পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। দুর্বিষহ জীবন কাটাচ্ছে তাদের বাবা-মাসহ নিকট স্বজনেরা। ক্রমশ বেড়ে চলেছে এর রাজত্ব।
এই মরন নেশা “বাবা”র দাপট এখন গ্রাম-গঞ্জের প্রত্যন্ত জনপদেও। গ্রাম-গঞ্জে, হাটে-বাজারে, মাঠে-ঘাটে কোথায় নেই ইয়াবা? এমন কোন অঞ্চল নেই যেখানে এর ভয়াল থাবা পৌছায়নি।
থেমে নেই ইয়াবা পাচার। পাচারেরও রয়েছে নিত্য নতুন কৌশল। এবার সুপারির ভেতর মিলল ইয়াবা। চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। ঘটনায় কৌশল হিসেবে দেখা গেছে কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট থেকে ওই নারীকে আটক করা হয়।
ওই নারীর নাম নাছিমা বেগম, তিনি কক্সবাজার জেলার কোটপাড়া এলাকার মনির আহমদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অ্যাডিশনাল এসপি তারিক রহমান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাবার সময় একটি যাত্রীবাহী বাসকে মহাসড়কের পটিয়ার খরনা রাস্তার মাথায় চেকপোস্টে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে একটি পলিব্যাগ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে পলিব্যাগ খুলে সুপারি দেখতে পান তারা। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটক নারীর ওই সুপারির ব্যাগ থেকে মোট ৩ হাজার ৭০৪ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বার্তাবাজার/এ.আর