মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার ধামরাইয়ে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে।
সোমবার (৩ জুন) রাত ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরে বাস ও যাত্রীবাহী পিক-আপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়।
ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, আরিচামুখী একটি যাত্রীবাহী পিক-আপ ভ্যানকে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিক-আপ ভ্যানের ৪ জন পুরুষ নিহত হন।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।