বার্সাকে জোড়া গোলে উড়িয়ে দিল রোনালদোর ইউভেন্তুস

বার্সেলোনা ২০১৬ সালের পর গ্রুপ পর্বে এই প্রথম ম্যাচে হারল। ম্যাচ জুড়ে বেশ ভালোই খেললেন বার্সেলোনার লিওনেল মেসি। সুযোগ পেলেন তিনি, সুযোগ তৈরি করলেন তিনি; কিন্তু কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারলেন না। তবে তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর পায়ে অতটা বল না দেখা গেলও, দুটি সফল পেনাল্টিতে মূল কাজটা সেরে ফেললেন রোনালদো। তাতে তৈরি হয়ে গেল ম্যাচের ব্যবধানও। বার্সেলোনাকে তাদেরই মাঠেই উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইউভেন্তুস।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে ইউভেন্তুস। রোনালদো প্রথম এবং তৃতীয় গোলের মাঝে ইতালিয়ান চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

ম্যাচের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইউভেন্তুস গোলরক্ষক জানলুইজি বুফ্ফনেরও। মেসি মূলত অভিজ্ঞ এই ইতালিয়ান গোলরক্ষকের দেয়ালই ভাঙতে পারেননি। লক্ষ্যে সাতটি শট ছিল মেসির, এর একটিও যায়নি জালে।

গ্রুপ পর্বে টানা পাঁচ জয়ের পর বার্সেলোনা প্রথম হারের স্বাদ পেল। সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে বার্সেলোনা টানা দুই ম্যাচ হারল। গত শনিবার লা লিগায় নবাগত কাদিসের মাঠে বিবর্ণ পারফরম্যান্সে তারা হেরেছিল ২-১ গোলে।

রোনালদো আসরে টানা তিন ম্যাচে গোল পেলেন। ইউরোপ সেরা প্রতিযোগিতায় এই প্রথম বার্সেলোনার বিপক্ষে গোলের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ইউভেন্তুসের পয়েন্ট ১৫। নকআউট পর্বে তাদের সঙ্গী বার্সেলোনার পয়েন্টও ১৫।

অন্য ম্যাচে ফেরেন্সভারোসকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে দিনামো কিয়েভ। তাদের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে তলানিতে হাঙ্গেরির দলটি।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর