সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ মোট ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তার ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিনহার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
আজ (মঙ্গলবার) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
সূত্র জানায়, আদালতে হাজির হওয়ার জন্য তাদের নামে এর আগে সমন জারি করা হয়। কিন্তু সমন পাওয়ার পরেও তারা আদালতে হাজির হয়নি। এই কারণে দুদকের পক্ষ থেকে তাদের নামে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নির্দেশ।
মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ ডিসেম্বর দিন তারিখ রয়েছে। চার্জভিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে চৌদ্দ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন— ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক এবং টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়। মামলার তদন্তের সময় এজাহারভুক্ত আসামি মো. জিয়াউদ্দিন আহমেদ মারা গেলে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে