বীর মুক্তিযোদ্ধার বাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিলীপ কুমার নাগ নামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি এসকাভেটর মেশিনে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে। আজ ভোরে সাবেক ইউপি চেয়ারম্যান নান্না মিয়ার ছেলে ইকরামুল আমীন বাবু এই তাণ্ডবের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী দিলীপ কুমার নাগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি। তিনি জেলা সদরে বাস করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না।

সংবাদ সন্মেলন করে তিনি অভিযোগ করেন, তার স্বত্বদখলীয় ২৪ শতক জায়গার অন্দরে গত তিন মাস আগে তিনি ২০ হাত লম্বা ও আট হাত প্রস্থে দুটি ঘর নির্মাণ করেন। প্রতিবেশী ইকরামুল আমীন জায়গাটি দখল করার জন্য তাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে তিনি সরাইল থানায় গত পাঁচ মাস আগে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার ভোরে ইকরামুল আমীন ২৫-৩০ জন সন্ত্রাসী নিয়ে দোচালা ঘর গুঁড়িয়ে দেয়।

সরাইল থানার ওসি মোহাম্মদ নাজমুল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন। সন্ধ্যায় তিনি জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী ইকরামুল আমীনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সন্ধ্যায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর