কুয়াশা কেটে গেলেই বাড়তে শীত

কুয়াশাচ্ছন্ন পুরো দেশ। কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে চলছে এ অবস্থা। বেলা বাড়লেই আকাশ কিছুটা পরিষ্কার হয়। তারপর আবার যখন সন্ধ্যা নামে তখন ঘন কুয়াশায় মুড়ে যায় দেশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো দুই থেকে তিন দিন এমন কুয়াশা থাকবে। কুয়াশা কেটে গেলেই রাতের তাপমাত্রা আরো কমবে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি অবস্থান করছে বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এর প্রভাবে সারাদেশে মাঝারি ও ঘন কুয়াশা পড়েছে।

রাজধানীর আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানালেন, রাজধানীতে যে কুয়াশা পড়ছে সেটা হালকা থেকে মাঝারি কুয়াশা। তবে দেশের বিভিন্ন স্থানে নদী অববাহিকায় ভারী বা ঘন কুয়াশা পড়তে পারে। এই অবস্থা আরও দুই থেকে তিন পর্যন্ত থাকতে পারে। কুয়াশার জন্য তাপমাত্রা কমছে না। কুয়াশা কাটার পর আকাশ পরিষ্কার হবে এবং কমে যাবে রাতের তাপমাত্রা।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও তার আশপাশে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। নদী অববাহিকা বা বড় ধরনের জলাধর রয়েছে এমন স্থানের আশপাশে ভারী বা ঘন কুয়াশা থাকতে পারে।

আজ উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে তিনদিন পর থেকে এই কুয়াশা আরও হালকা হয়ে যাবে বলেও জানান তিনি। কুয়াশার পাশাপাশি এই  ক’দিন আবহাওয়া মূলত আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে।

একই সঙ্গে চলতি মাসের শেষভাগে দেশের উত্তর,উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু বা মাঝারি শৈত্য প্রবাহ দেখা দিতে পারে।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর