কুমিল্লার হোমনায় গণধর্ষণে ব্যর্থ হয়ে এক শিক্ষিকাকে গরম দুধ ঢেলে মুখ ঝলসে দেওয়ার অভিযোগ ওঠেছে। রোববার উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটলেও পরদিন থানায় গিয়ে অভিযোগ দেন ভুক্তভোগী ওই কিন্ডার গার্ডেন শিক্ষিকা।
জানা যায়, গত রোববার রান্না করার সময় একই এলাকার ৬ যুবক তার রান্না ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ব্যর্থ হয়ে ক্ষোভে চুলায় গরম করা দুধ ঢেলে দেন শিক্ষিকার মুখমণ্ডলে। দগ্ধ ওই শিক্ষিকা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এর পরদিন (সোমবার) তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হচ্ছেন- একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে বেদন মিয়া (৫০), বাসার মিয়ার ছেলে ইমন মিয়া (২০) রাকিব ও শিমন মিয়া (১৯), রব মিয়ার ছেলে আলমগীর হোসেন (১৮) ও সুলতান মিয়ার ছেলে নূরনবী (২০)।
ভুক্তভোগী ওই শিক্ষিকা জানান, রোববার আমি রান্না ঘরে কাজ করছিলাম। তখন প্রতিবেশী বেদন মিয়া ও ইমন মিয়া, শিমন মিয়া, আলমগীর নুরনবী ও রাকিব মিয়া ঘরে প্রবেশ করে আমাকে একা পেয়ে ঝাপটে ধরে। ধস্তাধস্তির ফলে তারা ক্ষোভে আমার মুখের উপর চুলয়া থেকে গরম দ্যধের পাতিল নিয়ে ছুড়ে মারে। আমার চিতকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল বলেন, শিক্ষিকার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে