ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের পাঁচটি নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধরা। এ সময় কমিটি গঠনের নেপথ্যে থাকা লন্ডনে তারেক রহমানের ব্যক্তিগত সহকারি আরাফাত সানি ও তাঁর বড় ভাই কবির হোসেনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ ডিসেম্বর কসবা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, টি.আলী কলেজ ছাত্রদল, সৈয়দাবাদ আদর্শ মহা বিদ্যালয় ও চারগাছ এন আই ভূঁইয়া কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

বিক্ষুদ্ধ নেতাকর্মীদের অভিযোগ কোনো ধরণের সম্মেলন ছাড়া, তৃণমূলের মতামত না নিয়েই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের প্রতিবাদে মঙ্গলবার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারীরা ঘোষিত ৫টি কমিটি বাতিলের দাবি জানান।

এ সময় নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, আরাফাত সানি ও কবির হোসেনের অবৈধ হস্তক্ষেপে এসব কমিটি গঠন করা হয়েছে।

এ সময় কসবা উপজেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শিমুল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কসবা পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল হক আপেল, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদ্দাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহাম্মেদ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব বাবুল আহামেদ, টি আলী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক জুয়েল আহাম্মেদ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সানি ও কবিরের কুশপওলিকা দাহ করা হয়।

এ ব্যাপারে কসবা পৌর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক এনামুল হক আপেল বলেন, ‘কসবায় ছাত্রদলের যে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে সেগুলোতে অছাত্র, মাদকসেবী, মোটরসাইকেল চোরসহ অনেক ধরণের অপরাধীদেরকে রাখা হয়েছে। আমরা এ কমিটি মানি না। মূলত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে তাঁর ব্যক্তিগত সহকারি সানি ও বড় ভাই কবির পুরো জেলার বিভিন্ন কমিটিতে হস্তক্ষেপ করছেন।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, ‘যারা আন্দোলন করছে তারা প্রতারক। কেননা, এর আগে তারা আমাদের জেলা নেতৃবৃন্দের স্বাক্ষর জাল করে কমিটি বানিয়ে নেয়। এ বিষয়ে তাদেরকে শোকজও করা হয়েছে। আমরা বিভিন্ন দিক চিন্তা ভাবনা ও যাচাই-বাছাই করে নতুন কমিটি গঠন করে দিয়েছি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর