বেগম রোকেয়া পদক-২০২০ প্রদানের জন্য পাঁচ বিশিষ্ট নারী ব্যক্তিত্বের মনোনয়ন চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ বছর নারী শিক্ষায় অধ্যাপক ড. শিরীণ আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তারকে বেগম রোকেয়া পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক- ২০২০ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
বেগম রোকেয়া পদক-২০২০ পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব বা তার পরিবারের প্রতিনিধিরা বুধবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছে থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করবেন। মন্ত্রণালয় থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
বার্তা বাজার/এএস