প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রী বিরক্ত

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধিতে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী এই কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বিষয়টি গণমাধ্যমকে জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প আবার সংশোধন, আবার টাকা বাড়ানো এই ধরনের ধারা বন্ধ করুন। প্রকল্প যে সময় নেবেন, সেই সময়ই শেষ হওয়া উচিত। যথা সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্প পরিচালকদের (পিডি) ডাকুন। প্রকল্প বাস্তবায়ন কেন দেরি হচ্ছে তার কারণ অনুসন্ধান করুন।

কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পটি অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্পের বাস্তবায়নের বিলম্বের কারণ কী? ছোট খাট কাজ করতে কেন এত সময় লাগছে? পিডি কে? এ সময় পিডি উপস্থিত ছিলেন না। কৃষি সচিব নতুন হওয়ায় তিনিও কোনো উত্তর দিতে পারেননি।

তখন প্রধানমন্ত্রী বলেন, দুই বছর মেয়াদ এবং ব্যয় ৬৮ কোটি টাকা না বাড়িয়ে কেন ১০৯ কোটি টাকা করা হয়েছে তার কারণ অনুসন্ধান করুন। পিডিদের ডাকুন।

এদিন একনেক সভায় ৩ হাজার ৯০৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৫২৪ কোটি ৫১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৫১ লাখ টাকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর