‘বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধী বলয়ের পৃষ্ঠপোষক’: ওবায়েদুল কাদের

বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধী বলয়ের পৃষ্ঠপোষক’ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,  উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডে সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ‘এটা এ দেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের চ্যালেঞ্জ।’ এর নেপথ্যে যারা মদদ এবং অর্থের জোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনে-অপ্রয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন, এ ক্ষেত্রে কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধুর ছবির মিল থাকছে না। কখনো কখনো নকশা বা ডিজাইনেরও ত্রুটি দেখা যাচ্ছে। তাই ভাস্কর্য নির্মাণে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি গ্রহণ ছাড়া ভাস্কর্য নির্মাণ করা থেকে বিরত থাকতেও বলেন তিনি।

এ দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য সুদৃঢ় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবিলা করা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। বিএনপি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ব্যর্থতার দায় চাপাচ্ছে নির্বাচন কমিশনের ওপর।তাদের এ অপপ্রয়াস জণগণের কাছে স্পষ্ট বলে মনে করেন তিনি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর