অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনাকালে যখন শ্রমিকরা বেকার হয়ে পড়েছে সেই সময়ে তাদের বিকল্প কর্মের ব্যবস্থা না করে সরকার দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। সেইসাথে কৃষকের উৎপাদিত আখ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
‘বিএনপি মহাসচিব বলেন, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়। বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। বরং বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আ. লীগ সরকার যতো দিন আছে ততো দিন কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক ও ঠাকুরগাঁও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এএস