বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে নাজির উদ্দীন (৩০) ও রবিউল ইসলাম (২০) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

হরিপুর থানার ওসি আরঙ্গ জেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে নিহত নাজির উদ্দীন ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে রবিউল ইসলাম।

ওসি আরঙ্গ জেব বলেন, মঙ্গলবার সকালে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা এলোপাথাড়ি গুলি ছোড়ে।

এ সময় নাজির উদ্দীন ও রবিউল ইসলাম গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পরে রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজির উদ্দীন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হরিপুর থানার ওসি আরঙ্গ জেব।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর