আজ বিজয়ের পতাকা ওড়ে মুক্ত ব্রাহ্মণবাড়িয়ায়

১৯৭১ সালের আজকের দিনে হানাদারমুক্ত ব্রাহ্মণবাড়িয়ায় ওড়ানো হয়েছিল স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। একই দিনে মুক্তিযোদ্ধারা সরাইলকে পাক হানাদার বাহিনীর হাত থেক মুক্ত করেছিলেন।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়াকে শত্রুদের হাত থেকে মুক্ত করার পর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে অগ্রসর হতে থাকে।

তবে ৬ ডিসেম্বর পাক হানাদারবাহিনী স্বাধীনতাবিরোধীদের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া শহর ছেড়ে পালানোর সময় নির্মম হত্যাযজ্ঞ চালায়। ওইদিন পাক বাহিনী তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যাপক কেএম লুৎফুর রহমানসহ কারাগারে আটকে রাখা অর্ধশত বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে স্থানীয় কুরুলিয়া খালের পাড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

কিন্তু ৭ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর শক্ত অবস্থানের কারণে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে রাতের আঁধারে পাক হানাদাররা আশুগঞ্জের দিকে পালাতে থাকে। যার ফলে ৮ ডিসেম্বর বিনা যুদ্ধেই ব্রাহ্মণবাড়িয়া শত্রুমুক্ত হয়।

৮ ডিসেম্বর সকালে শহরের পুরাতন কাচারী ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়। সেদিন পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চল জোনের প্রধান জহুর আহমেদ চৌধুরী। একই দিনে শত্রুমুক্ত হওয়ায় সরাইল থানা চত্বরেও উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা।

মুক্ত দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সরাইল উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সংগঠন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর