নড়াইলে তফসিলের আগেই মেয়র প্রার্থীর শোডাউন

নড়াইল পৌরসভার আসন্ন নির্বাচনে কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আনজুমান আরা বিশাল নির্বাচনী শোডাউন দিয়েছেন।

সোমবার (৭ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের চরেরঘাট এলাকা থেকে পৌরবাসীর ব্যানারে একটি মোটর শোভাযাত্রা নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মেয়র প্রার্থী আনজুমান আরা মোটর শোভাযাত্রার আগে এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, তিনি পৌর মেয়র হলে পৌরবাসীকে প্রকৃত নাগরিক সুবিধা দেবেন এবং একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরি গড়বেন।

এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইফসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রওশন আরা কবির লিলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবলীগ নেতা খোকন সাহা, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজি, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সিকদার মন্জুরুল ইসলাম পান্নু প্রমুখ।

পরে তার পক্ষে নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ৫ শতাধিক মোটরসাইকেল।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও বসে নেই আসন্ন নড়াইল ও কালিয়া পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা। এই দু’পৌরসভার ২১ জন ময়ের পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। যার মধ্যে নড়াইল পৌরসভায় ১১ জন এবং কালিয়া পৌরসভায় ১০ জন।

প্রার্থীরা সবাই কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন মনোনয়ন পেতে। দলীয় প্রার্থীরা শোডাউনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের রাজনৈতিক পরিচয়, জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। ইতোমধ্যে এসব আবেদন কেন্দ্রে পৌঁছে গেছে।

জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর