ভাস্কর্য ভাঙচুর: আজ ৪ আসামির রিমান্ড শুনানি
গত শুক্রবার (৪ই ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামির রিমান্ড শুনানি হবে আজ।
এরা হলেন- ইবনে মাসউদ মাদ্রাসার ছাত্র আবু বকর মিঠুন (১৪) ও সবুজ ইসলাম নাহিদ (১৪) এবং শিক্ষক আলামিন হোসেন (৩৩) ও ইউসুফ আলী (৩৭)।
গতকাল (সোমবার) দুই শিক্ষক আল আমিন ও ইউসুফের ৭ দিন এবং দুই ছাত্র আবু বক্কর ও নাহিদের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।
আদালত আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ঠিক করে আসামিদের কারাগারে পাঠায়।
জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড শুনানি হবে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ইবনে মাসউদ মাদ্রাসার দুই ছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। এ কাজে তাদের নির্দেশ দেন শিক্ষক আল আমিন ও ইউসুফ। রবিবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বার্তাবাজার/এ.আর