মাদকের টাকার জন্য মাকে মারধরের অভিযোগে ছেলে কারাগারে

ময়মনসিংহের নান্দাইলে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে থানায় অভিযোগ করেছেন এক মা। পুলিশ মায়ের দায়ের করা অভিযোগের পর ছেলে জাকির হোসেনকে (৪০) গ্রেফতার করে আজ সোমবার বিকালে আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, অভিযোগকারী মা সোনাভান (৭৫) সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। তাঁর দুই ছেলে মধ্যে জাকির ছোট। বড় ছেলে মনির হোসেন (৪৩) ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ছোট ছেলে জাকির ঢাকায় থেকে গাড়ি চালাত।

সোমবার বিকালে নান্দাইল থানায় অবস্থানরত জাকিরের মা সোনাভান বার্তাবাজারকে জানান, তাঁর ছোট ছেলে ঢাকায় থাকা অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়ে। প্রথম প্রথম গাঁজা সেবন করলেও ৩/৪ বছর ধরে ইয়াবা সেবন করছে। মাদকাসক্ত হওয়ায় জাকিরের স্ত্রী তাকে ফেলে রেখে চলে গেছেন। ঢাকা থেকে প্রায়ই বাড়িতে এসে জাকির মাদক কেনার টাকা চাইত। টাকা দিতে না পারলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করে আগুন লাগিয়ে দিত। কখনো কখনো টাকার জন্য জাকির তার মাকে মারধর করত। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তাঁর মা থানায় অভিযোগ করেছেন।

থানায় অবস্থানরত সোনাভানের আত্মীয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আমরা গ্রামবাসীসহ আত্মীয়স্বজন অনেক চেষ্টা করেও জাকিরকে ভাল পথে আনতে পারিনি। বাধ্য হয়ে তাঁর মা থানায় অভিযোগ করেছে। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতাকৃত ছেলে জাকিরকে সোমবার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর