মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিলাদের খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নারীসহ আহত হয়েছেন ৬ জন। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের গুয়ালখালী ডাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী অভিযোগ করে জানান সংঘর্ষের ঘটনাস্থলে থেকে প্রায় হাফ কিলোমিটার দুরে শেখরনগর তদন্ত কেন্দ্রের টহল পুলিশ ছিল, তারাও দর্শকের ভুমিকা পালন করেছে ।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকপাড়া গ্রামের নবাব খান (৬৫)বার্ধক্য জনিত কারনে গত ৪ দিন আগে মারা যান। আজ সোমবার মরহুম নবাব খানের স্ত্রী রহিমা বেগম বিকালে নিজ বাড়ীতে স্বামীর নামে মিলাদ ও বিরিয়ানি খাওয়ার আয়োজন করে।
সেখানে শিরনি বিতরণ নিয়ে দাওয়াতি মেহমান আতা খান ও সুমন মিয়া নামে দুজনের কথাকাটি হয়। কথা কাটাকাটির রেশ ধরে সন্ধ্যা সাড়ে ৭টায় ওই দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আতা খান, হালিম মিয়া, রনি মিয়া ও অজ্ঞাত এক নারীসহ ৬ জন আহত হয় ।
সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৩ জনকে ঢাকা মিটফোর্ড এবং বাকীরা এলাকায় চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রাতে এক পক্ষ অভিযোগ করেছে। আসল ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিব।
বার্তাবাজার/এসজে