৬দিন পর করোনা পরীক্ষা শুরু করেছে কুমিল্লা মেডিকেল

ছয়দিন বন্ধ থাকার পর অবশেষে কুমিলা মেডিকেল কলেজের (কুমেক) মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ওই ল্যাবে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্ত কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমেকের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ। গত ৩০ নভেম্বর ওই ল্যাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ওইদিন বিকেলে করোনা পরীক্ষার সময় বিষয়টি টের পান সেখানে কর্মরতরা। পরে গত ১ ডিসেম্বর থেকে করোনা পরীক্ষা সম্পূর্ণ বন্ধ করে দেয় কুমেক কর্তৃপক্ষ।

গত ছয়দিন ধরে কুমেকের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন করোনার নমুনা দেওয়া ও উপসর্গ থাকা ব্যক্তিরা। তবে
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বিদেশগামী ব্যক্তিরা।

কুমেক সূত্র জানায়, চলতি বছরের ২৯ এপ্রিল থেকে কুমিলা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনাভাইরাস শনাক্ত কার্যক্রম শুরু হয়। প্রথমে একটি মেশিনে পরীক্ষা শুরু হলেও পরে আরও একটি মেশিন স্থাপন করা হয়। ৩০ নভেম্বর করোনা পরীক্ষার সময় ওই ল্যাবে কর্মরতরা লক্ষ্য করে দেখেন সনাক্তের হার অনেক বেড়ে গেছে। পরে তারা নিশ্চিত হন পুরো ল্যাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এরপর ১ ডিসেম্বর থেকে কুমেকে করোনা পরীক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওইদিন থেকে ল্যাবকে জীবাণুমুক্ত করতে প্রথমে স্থানীয়ভাবে কাজ শুরু করে কুমেক কর্তৃপক্ষ। তবে এতে ব্যর্থ হন তারা। সর্বশেষ ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে রোববার দিনভর চেষ্টা চালিয়ে ল্যাবকে জীবাণুমুক্ত করেন।

সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ বলেন, সকাল থেকে আমরা ফের কোডিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষার কার্যক্রম শুরু করেছি। এখানে প্রতিদিন সাড়ে ৩শ থেকে ৪শ নমুনা পরীক্ষা করা যাবে। আশা করছি এখানে পরীক্ষা শুরু হওয়াতে মানুষের ভোগান্তি দূর হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, আমরা সোমবার সংগ্রহ করা নমুনাগুলোও ঢাকা ও নোয়াখালীতে পাঠাবো। কুমেকে ল্যাবে আজকে (সোমবার) তারা পরীক্ষামূলক কাজ করছে। এছাড়া আমাদের আগের দেওয়া বেশি কিছু নমুনাও আছে তাদের কাছে। এখন সেগুলো পরীক্ষা করবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে আগের মতো নমুনা দেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর