প্রশাসন-সাংবাদিক একত্রিত হয়ে ফরিদপুরের স্থানীয় সমস্যা মোকাবেলা করে উন্নয়ন ও মানবিকতায় শ্রেষ্ঠ জেলায় রূপান্তরের লক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রথম ‘মিট দ্যা প্রেস’ শুরু হয়। আগামীতে নির্দিষ্ট সময় অন্তর এই আয়োজন অব্যহত থাকবে।
এসময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সাংবাদিকদের সাথে একযোগে কাজ করবে ফরিদপুর জেলা প্রশাসন। আমরা একসাথে কাজ করতে পারলে ফরিদপুর জেলাকে ভালমতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এসময় তিনি বলেন, সাংবাদিকরা দেশের জন্য অনেক বড় সম্পদ। তারা তাদের লেখনীর মাধ্যমে আমাদের তথ্য তুলে ধরেন।
ফরিদপুরে প্রথমবারের মতো আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এ আয়োজনের মাধ্যমে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হলো। এখন থেকে প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে ফরিদপুরের উন্নতিতে কাজ করতে পারবে। তিনি বলেন, জেলায় প্রশাসন ও সাংবাদিক সম্পর্ক আরো গভীর হওয়া উচিত। আমরা অবশ্য একটা টিম হিসাবে কাজ করব এবং একে অপরের সহযোগিতা করব।
জেলা প্রশাসক বলেন, আজকে থেকে ফরিদপুরে এক নতুন দিগন্তের সৃষ্টি হল। ভবিষ্যতে শহর কেমন ভাবে যাবে এবং আমরা কিভাবে দেশ চালাতে পারব তার জন্য সাংবাদিকদের মূল্যবান পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে গত এক বছরে জেলা প্রশাসনের বিভিন্ন গৃহীত কর্মসূচি সাংবাদিকদের মাঝে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মোঃ শাহজাহান, আতমা আমির আলি টুকু ,পান্না বালা, বেলাল চৌধুরী, আবুল হোসেন আজাদ, জুবায়ের জাকির, নাজিম বকাউল, সেলিম মোল্যা, মুইজুর রহমান রবি, সুমন ইসলাম, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান প্রমুখ।
সভায় জানানো হয় মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং শত সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।
বার্তাবাজার/আবির