তিতাসের অভিযানে ৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে।

তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক (ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে সোমবার (৭ ডিসেম্বর) আশুলিয়ার বাড়ইপাড়ায় পরিচালিত অভিযানে ৫শত বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ তুলে জব্দ করা হয়।

এ ব্যাপারে সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক (ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ জানান, আজ (সোমবার) আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ৫শত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে আনুমানিক প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ তুলে ফেলা হয়।

তিনি আরও জানান, একটি অসাধু চক্র তিতাসের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে। আজকের অভিযানে আমরা এসব অবৈধ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সুমন দাস, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর