কর্তৃপক্ষের অগোচড়ে পানি নিস্কাশনে রাস্তা কেটে জনদুর্ভোগ

কুমিল্লার তিতাস উপজেলায় সদ্য সংস্কারকৃত এলজিইডি’র শিবপুর-চান্দনাগের অংশের রাস্তা কেটে ফেলেছে গ্রামের কিছু প্রভাবশালী। এতে সিএনজি-অটোরিকক্সাসহ সাধারণ যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে।

রাস্তার দুই পাশে পানি থাকায় যেতে পারছে না পায়ে হেটেও। ফলে শিবপুর, চান্দনাগেরচর, ইসুবপুর, গোপালপুর ও বাঘাইরামপুর গ্রামের কয়েক হাজার জনগণের নিত্য চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে । গত কয়েকদিন ধরে এ জনদুর্ভোগ মানুষের মুখে মুখে রটলেও জানে না কর্তৃপক্ষ।

সাংবাদিকদের ফোন পেয়ে জানতে পেরেছেন বলে স্বিকার করেছেন উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসাইন। তবে কোন বক্তব্য দিতে চাননি তিনি।

ভুক্তভোগিরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, এলাকায় প্রভাবশালী মজিবুর ও জসিম তাদের অদৃশ্য ক্ষমতার জোরে যখন যা মনে চায়; তাই করে।

এছাড়াও কালবার্ড নির্মাণের নামে গ্রামবাসীর কাছ থেকে টাকা তোলে ওই টাকাও আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠ।

জানা যায, এদের উপরে হাত থাকার কারণে ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না ।

এ বিষয়ে কথা হয় সংশ্লিষ্ট মজিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকারের সাথে। তিনি জানান, বিষয়টি শুনে গ্রামবাসীর সাথে কথা বলেছি। তারা জমির পানি নিষ্কাশনের জন্য কিছুটা কেটেছিলো। পরে পানির শ্রোতে রাস্তাটি ভেঙ্গে যায়। তারা বলেছে নিজ উদ্যোগে রাস্তাটি ভরাট করে দিবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) দায়িত্ব মোহাম্মদ জুনায়েদ আফসার চৌধুরী বলেন, বিষয়টি আমরা জানতে পেরে ইউএনও ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সিদ্ধান্ত নিয়েছি যারা রাস্তা কেটেছে তাদের নামে নোটিশ করবো এবং দ্রুত রাস্তাটি মেরামত করার ব্যবস্থা নিবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিনাঅনুমতিতে এলজিইডি’র রাস্তা কাটার কোন নিয়ম নেই বলেও তিনি জানান।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর