বঙ্গোপসাগরে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ ৩ বর্মী নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নৌকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা বড়িসহ সাড়ে ৯ লাখ মিয়ানমার মুদ্রা জব্দ করেছে কোস্টগার্ড (টেকনাফ বিসিজি স্টেশন)। আটক করা হয়েছে মিয়ানমারের ৩ মাদক পাচারকারী।

আজ সোমবার বিকাল ৩ টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোন টেকনাফ বিসিজি ষ্টেশন কমান্ডার আমিরুল হক এই তথ্য নিশ্চিত করেন।

ধৃতরা হলেন, মোঃ ইদ্রিস (৪৭), থোয়াংকা (৫০) ও মং ছু ওয়ে (৪৮)। এরা প্রত্যেকে মিয়ানমার আকিয়াব জেলার বাসিন্দা।

তিনি জানান, রবিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে টেকনাফ ও সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের জওয়ানরা সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপের অদূরে দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বাংলাদেশ জলসীমানায় অনুপ্রবেশের দ্বায়ে একটি কাঠের নৌকা আটক করে। এসময় নৌকাটি তল্লাশী করে তেলের জারিকেনের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি, ৯ লাখ ৫১ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা) ও তিন জন মিয়ানমারের নাগরিকসহ নৌকাটি জব্দ করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, মুদ্রা ও নৌকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর