বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবি উপাচার্যের নিন্দা

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে উপাচার্য বলেন, এ ভাংচুরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশের স্বাধীনতার মর্মমূলে আঘাত করা হয়েছে। মুক্তিযুদ্ধের নয় মাস যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, কেবল তাদের পক্ষেই বিজয়ের এ মাসে এমন ঘৃণ্য অপকর্ম সংঘটিত করা সম্ভব। সমস্ত শক্তি দিয়ে এই প্রতিক্রিয়াশীল অপশক্তির তৎপরতার বিরুদ্ধে গণজাগরণ এবং প্রতিরোধ গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রাণপ্রিয় স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উপাচার্য আরো বলেন, এ ভাস্কর্য ভাংচুরের ঘটনা শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, দেশের আপামর জনতাকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। উপাচার্য অধ্যাপক ড. সালাম ভাংচুরের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর