ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার বিকেল ৪টার দিকে মহাসড়কের সাতাইহাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহের স্ত্রী সামিরুন বেগম(২৮), মেয়ে মারিয়া আক্তার(২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম(২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০) ও অজ্ঞাত এক যুবক (২৬)।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সাতাইহাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু’টি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভূইয়া জানান, খবর পেয়ে নবীগঞ্জ থানা, শেরপুর হাইওয়ে পুলিশ, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটসহ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়।
বার্তা বাজার/এএস