সমগ্র দেশের যেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল রয়েছে তার নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
মন্ত্রী পরিষদের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানসহ নির্মাণাধীন ম্যুরালেরও নিরাপত্তা দেওয়ার পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর আগে বিভিন্ন জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করায় মন্ত্রণালয়ের প্রশংসা করেন আদালত।
বার্তা বাজার/এএস